আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আ.লীগ নেতাকে চেয়ারম্যান দেখতে চাওয়া সেই শ্রমিক দল নেতাকে শোকজ

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

আ.লীগ নেতাকে চেয়ারম্যান দেখতে চাওয়া সেই শ্রমিক দল নেতাকে শোকজ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে শ্রমিক দল নেতা ফেসবুকে পোস্ট দেয়ায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ নোটিশ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সংগঠন সূত্রে জানা যায়, কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বিষয়টি সংগঠনের নীতি ও আদর্শবিরোধী হিসেবে বিবেচনা করে তাকে শোকজ করা হয়েছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত নোটিশে জাহিদুল ইসলাম অপুকে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন