ঝালকাঠির নলছিটি উপজেলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দও রয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিনে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আরও তিন নেতাকে আটক করা হয়। ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-
১. মো. জলিলুর রহমান আকন্দ (৫৮), পিতা মৃত মোতাহার আলী আকন। বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার নন্দপাড়া। তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক।
২. নজরুল ইসলাম মোল্লা (৫৮), পিতা মৃত গগন মোল্লা। বাড়ি নলছিটি থানার গোদণ্ডা গ্রাম। তিনি সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।
৩. মো. শামসুল আলম মল্লিক (৫২), পিতা মৃত আব্দুল খালেক মল্লিক। বাড়ি নলছিটি থানার কুলকাঠি গ্রাম। তিনি কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
৪. আব্দুল মালেক মোল্লা (৫৬), পিতা মৃত হাতেম আলী মোল্লা। বাড়ি নলছিটি থানার তিমিরকাঠি গ্রাম। তিনি দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, ১৫ আগস্টের নিরাপত্তা ও নাশকতা রোধে পুলিশের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

