পটুয়াখালীর কলাপাড়ায় ফারজানা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চান্দুপাড়া আবাসন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফারজানা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে। তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, মোবাইল ফোনে অন্য এক যুবকের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে স্বামী নাজমুল ফরাজীর সঙ্গে ফারজানার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই জেরে কিছুদিন আগে ফারজানা তার বাবার বাড়িতে চলে যান। পরে দুই পরিবারের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলে তিনি পুনরায় স্বামীর বাড়িতে ফিরে আসেন।
আজ (শনিবার) সকালে একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ফরাজী বিষয়টি মুঠোফোনে তার শ্বশুর-শাশুড়িকে জানান। এর কিছুক্ষণ পরই ফারজানা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

