কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এবার বোর্ডের অধীনে ২৪টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে কোনো বিদ্যালয়ে শূন্য শতাংশ পাসের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন।
পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ছিল ৫৮ হাজার ৮২৫ জন এবং মেয়ে ৮৭ হাজার ১০ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন, আর মেয়েদের মধ্যে কৃতকার্য হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন।
ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ দশমিক ৪০ শতাংশ এবং মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
ফলাফল ঘোষণার সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-14bacc.jpg)