বিনা মূল্যে থাকার সুযোগ দিয়েছেন রিসোর্ট মালিকরা

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে

জেলা প্রতিনিধি, রাঙামাটি

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে
ছবি: আমার দেশ

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন। আটকেপড়া পর্যটকরা সকলে নিরাপদে আছেন বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। আটকে পড়া পর্যটকদের বিনা মূল্যে থাকার সুযোগ দিয়েছেন রিসোর্ট মালিকরা।

জানা গেছে, খাগড়াছড়ি-সাজেক সড়কের একাধিক স্থানে পানি ওঠায় বুধবার থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় আগে থেকে অবস্থান করা পর্যটকরা আর ফিরতে পারেনি।

বিজ্ঞাপন

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকের মাচালং এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৫০০ পর্যটক সাজেকে আটকা পড়েছেন। তবে রিসোর্টগুলোতে অবস্থানরত পর্যটকদের প্রয়োজনীয় খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সাজেকে আটকা পড়া কুমিল্লা থেকে বেড়াতে যাওয়া সংবাদকর্মী মো. হাসান জানান, তারা বেড়াতে এসে সাজেকে আটকা পড়েছেন। তবে সেখানে হোটেল রিসোর্স মালিকরা ভাড়া নিচ্ছেন না এবং ন্যূনতম বিল দিয়ে খাবার পাচ্ছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, সাজেকের মাচালং, সীমানাছড়া ও দিঘীনালার কবাখালী এলাকায় সড়কের ওপর পানি ওঠায় বর্তমানে প্রায় সাড়ে ৪০০ থেকে ৫০০ পর্যটক সাজেকে আটকা পড়েছেন। সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকরা নিরাপদে গন্তব্যে ফিরতে পারবেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, সাজেকে আটকে পড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সকলে যৌথভাবে কাজ করছে। মাচালং এলাকায় পানি নেমে গেলে দীঘিনালা সাদের সড়ক সচল হবে বলে তিনি জানান এরপরেই পর্যটকদের নিরাপদে ফেরত পাঠানো হবে।

এদিকে, টানা বৃষ্টিপাত, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় রাঙামাটি জেলা প্রশাসন মঙ্গলবার রাতে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে পর্যটকদের সাজেকে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...