চৌদ্দগ্রামে জামায়াত নেতার গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

চৌদ্দগ্রামে জামায়াত নেতার গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

কুমিল্লার চৌদ্দগ্রামে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জামায়াত নেতা ফজলুল হক মোল্লার পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুনে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। আগুনের তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের জামায়াত নেতা ফজলুল হক মোল্লার মালিকানাধীন পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের সাথে রাখে। সোমবার ফজরের নামাজের পর পিকআপটি নিয়ে চালক ফেনীতে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ভোরে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়িয়ে দিয়েছে। এ সময় পাশেই দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। খবর পেয়ে পিকআপ মালিক ফজলুল হক মোল্লা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পিকআপ ভ্যানটি পুড়ে যায়। লোকজনের চিৎকার শুনে ঘুম ভাঙে পাশে থাকা ট্রাকচালক মো. জামালের।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আ.লীগ কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত নেতা ফজলুল হক মোল্লার পিকআপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক মো. জামাল বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি পাশের পিকআপ ভ্যানে আগুন জ্বলছে। শুনেছি দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুনে গাড়িটি পুড়ে দিয়েছে।

পিকআপ ভ্যানের মালিক ফজলুল হক মোল্লা বলেন, আমার জীবিকা অর্জনের একমাত্র সম্বল এই পিকআপ ভ্যানটি। ফজরের পরই গাড়িটি ফেনী থেকে মাছ আনতে ভাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগে দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...