দুপুর ১২টায়ও তালাবদ্ধ ভূমি অফিস

দুপুর ১২টায়ও তালাবদ্ধ ভূমি অফিস
চাঁদপুরের হাইমচর- চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে দুপুর ১২টায়ও তালা ঝুলছে। ছবি: আমার দেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে দুপুর ১২টায়ও তালা ঝুলছে। এ চিত্র নিত্যদিনের হলেও এভাবে আর কত দিন চলবে, জানতে চান সেবাগ্রহীতারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা চরম ভোগান্তি ও ক্ষোভ নিয়ে ফিরে গেছেন।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত জরুরি কাজ, খাজনা পরিশোধ, নামজারি ও মিসকেস সংক্রান্ত কাজে সকাল ৯টা থেকেই সেবাগ্রহীতারা অফিসের সামনে ভিড় করেন। কিন্তু দুপুর ১২টা গড়িয়ে গেলেও প্রধান ফটকে তালাবদ্ধ থাকায় কোনো কর্মকর্তা-কর্মচারীর দেখা মেলেনি। দিনের পর দিন এমন অনিয়মে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

ভোগান্তি নিয়ে আসা কাদির ও হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল ৯টা থেকে দাঁড়িয়ে আছি। জরুরি কাজে এসে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাচ্ছি না। এ রকম অনিয়ম যেন এখানকার নিত্যদিনের চিত্র।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘আমি বিপদে আছি, তাই অফিসে যেতে পারিনি। তবে পথে আছি, আসছি। অফিসসহায়কও আসেনি, সে আমাকে জানায়নি।’

দায়িত্বে অবহেলার বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, ‘সরকার নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ অনুপস্থিত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ ও নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন