‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।’ এমনই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শুক্রবার চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে ‘নগর সম্মেলন ২০২৫’-এ তিনি একথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এর আয়োজন করা হয়।
চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। দেড় হাজারের অধিক নিহত ও ৩০ হাজারেরও বেশি আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। আলেম সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
তিনি বলেন, ইসলাম সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ও যৌক্তিক সংস্কারের পক্ষে। একই সঙ্গে জুলুম ও বিশৃঙ্খলার বিপক্ষে। ২০১৩ সালে ঢাকা শাপলা চত্বরেও রক্ত দিয়েছে আলেম সমাজ। তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদরাসার শিক্ষার্থী শহিদ হয়েছেন। অঙ্গ হারিয়েছেন অনেকে।
সম্মেলন শেষে চট্টগ্রাম মহানগরের ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

