বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, উদ্বেগ-উৎকণ্ঠা

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, উদ্বেগ-উৎকণ্ঠা
ব্যবসায়ী এহসান প্রকাশ হাসান

চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ পরিচয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামের এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ব্যবসায়ীর কোনো হদিস মেলেনি। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দীন জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী এহসান প্রকাশ হাসানের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজে কিছু লোক এসে নিজেদের এসআরবি সদস্য পরিচয় দেন। তারা তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে পেকুয়া ও চকরিয়ার দিকে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অপহরণকারী ব্যক্তিদের মুখে মাস্ক পরা ছিল। তবে ঠিক কী কারণে ওই ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বশীল সূত্রের খবর, এই অভিযানে প্রকৃত কোনো এসআরবি সদস্য জড়িত ছিলেন না। ভুয়া পরিচয় দিয়েই চক্রটি ওই ব্যবসায়ীকে অপহরণ করেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অপহৃতকে উদ্ধার এবং জড়িত চক্রটিকে চিহ্নিত করতে জোর তৎপরতা ও অভিযান চালাচ্ছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, ব্যবসায়ী অপহরণের সংবাদ পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একাধিক শক্তিশালী টিম বর্তমানে উদ্ধারকাজ পরিচালনা করছে।

এদিকে, রোববার সকাল ১০টার দিকে প্রেমবাজার এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। প্রেমবাজার ও আশপাশের এলাকার সাধারণ ব্যবসায়ী মহলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অপহৃত ব্যবসায়ী হাসানকে দ্রুত উদ্ধারের দাবিতে এরই মধ্যে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন