বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বিকেলে আলীকদম হয়ে একটি পর্যটক দল তিন্দুর উদ্দেশে যাচ্ছিল। পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন। আহত হন আরও পাঁচজন।

ঘটনাস্থলটি ৩৮ বিজিবির অধীন টেন্ডুমুখ ক্যাম্পের এলাকায় হওয়ায় খবর পাওয়ার পরপরই বিজিবির একটি টহল দল উদ্ধার কাজে ছুটে যায়। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাশের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার অহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। বর্তমানে সড়কে আছি।

প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন