কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষিকা ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যায় জড়িত সন্দেহে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
তিনি জানান, পুলিশের তদন্তে কিছু গুরুত্বপূর্ণ ‘ক্লু’ পাওয়া গেছে এবং সে অনুযায়ী একাধিক টিম মাঠে কাজ করছে। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা ব্যক্তির পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নিহত অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার দুপুরে প্রযুক্তি ও তল্লাশির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মায়ের দামি আইফোনটি পাওয়া যায়নি। ফলে প্রাথমিকভাবে মোবাইল ফোনটি ছিনতাই বা চুরির উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিমের মা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। যা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমাদের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
আটককৃত ব্যক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, বিষয়টি এখনো প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর্যায়ে রয়েছে। আমাদের তদন্তের জন্য কিছুটা সময় লাগবে। যাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে নির্দোষও হতে পারে আবার অপরাধীও হতে পারে। তদন্ত শেষেই পুরো সত্য সামনে আসবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

