নোয়াখালীর কবিরহাটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করেছেন বখাটে যুবক। শুক্রবার রাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের নাম মিজানুর রহমান ওরফে মিলন। ৫৫ বছর বয়সী মিলন মির্জানগর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। অভিযুক্ত সঞ্জয় রায় একই গ্রামের দেবরাজ রায়ের ছেলে।
মিলনের ভাই ফরিদ বলেন, আমার ভাতিজি মাইনুর আক্তার মিম নোয়াখালী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। ১৫-২০ দিন আগে আমাদের নতুন বাড়িতে যাওয়ার সময় তার পথ আটকে টানাটানি শুরু করেন সঞ্জয়। ওই সময় ভয়ে কাউকে কিছু জানাননি মিম। এরপর থেকে তাকে নিয়মিত উত্ত্যক্ত করেন বখাটে ওই যুবক।
তিনি বলেন, মিমের কাছে পাত্তা না পেয়ে চাচাতো বোন স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল নাঈমকে উত্ত্যক্ত করেন সঞ্জয়। ৬ মার্চ রাতে তার ঘরের জানালার সামনে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলেন এই বখাটে। একপর্যায়ে তাকে হাতেনাতে ধরেন জান্নাতুলের দাদি হালিমা খাতুন। এরপর তিনি পালিয়ে যান।
গত শুক্রবার রাতে ছেলের অপকর্মের বিষয়টি সঞ্জয়ের বাবাকে জানান মিমের বাবা। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কুড়াল নিয়ে মিলনকে কোপাতে থাকেন সঞ্জয়। ভাইকে বাঁচাতে এলে ফরিদের ওপরও হামলা চালানো হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিলন।
কবিরহাট থানার ওসি (তদন্ত) পরিদর্শক মো. মঞ্জুর আহমদ বলেন, বিষয়টি শুনেছি। তবে জমি নিয়ে তাদের বিরোধ ছিল বলে জানা গেছে। ওই বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

