‘জেগে উঠুক বিবেক’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় প্রতীকী মূল্যে স্বল্প আয়ের মানুষের হাতে খাবার তুলে দিতে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্যোগ নিয়েছে দুটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন । শনিবার (২৫ জুলাই) দুপুরে নগরের কান্দিরপাড় টাউন হল মাঠে ‘আলোকিত তারুণ্য’ এবং ‘জনকল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এই খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইউসুফ মোল্লা টিপু। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা মডার্ন হাই স্কুল কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার এবং কুমিল্লা টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুর কবির সাজ্জাদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকিত তারুণ্য সংগঠনের সভাপতি মো. ফয়সাল আহমেদ।
আয়োজকরা জানান, বর্তমান বাজারপরিস্থিতিতে নিম্নআয়ের ও অসহায় শ্রমজীবী মানুষের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একদম বিনামূল্যে না দিয়ে মাত্র দুই টাকার প্রতীকী মূল্যে এই খাবার পরিবেশন করা হচ্ছে, যাতে সুবিধাভোগীদের আত্মমর্যাদা অক্ষুণ্ণ থাকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এই বোধ থেকে সমাজের বিত্তবান ও মানবিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব। তারা সবাইকে সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয় পর্যায়ে এই ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উদ্যোক্তাদের আশা, এ কর্মসূচি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দরিদ্র ও শ্রমজীবী মানুষের পুষ্টির চাহিদা মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

