ইপসার আলোচনা সভায় বক্তারা

দুর্যোগের পূর্বে বসতি সরানো অমানবিক

দুর্যোগের পূর্বে বসতি সরানো অমানবিক

পাহাড় ধ্বস ও ভূমিধ্বসের পূর্বে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া ও মাইকিং করা অমানবিক ঘটনা। পাহাড়ে যারা বসবাস করে তাদের কোনো ব্যর্থতা নেই। ব্যর্থতা হলো রাষ্ট্রের। রাষ্ট্র তাদের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এজন্য পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের স্থায়ী বাসস্থান নির্ধারণ করতে হবে সরকারকে। তারপর তাদেরকে সরাতে হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ইপসার একটি প্রকল্প অবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন। স্কালিং আপ মাল্টি হেজার্ড এন্টিসিপিটরি একশান (সুরক্ষা) ইন হিলি রিজিওনস অব বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে অংশীজনদের নিয়ে আলোচনা সভাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, যুগ যুগ ধরে সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের পাহাড়গুলো বিলুপ্ত হয়ে গেছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ঠেকানো যাচ্ছে না। প্রতিবছর বিরাট একটি সংখ্যা পাহাড়ে বসবাস শুরু করছে। পাহাড় ব্যবস্থাপনা কমিটি থাকলেও সেটির কোনো তোড়জোড় নেই। বর্ষা আসলেই তাদের ব্যস্ততা বাড়ে। এই লোক দেখানো কাজ বন্ধ করতে হবে। সারাবছর পরিকল্পনার মাধ্যমে পাহাড় কাটা রোধ ও পাহাড়ের ঝুঁকি কমাতে হবে। সেইসাথে দুর্যোগের সময় যেন মানুষ আশ্রয়কেন্দ্রে যান সেজন্য নিরাপত্তা ও রোগী এবং প্রতিবন্ধীদের সুবিধা নিশ্চিত করতে হবে। কেননা সেখানে সম্পদ হারানোর পাশাপাশি ইজ্জত হারানোর শঙ্কাও থাকে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও জলবায়ুজনিত দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে দুর্গম ভূ-প্রকৃতি, যোগাযোগের সীমাবদ্ধতা, অতিবৃষ্টি, পাহাড়ধস এবং স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের ঝুঁকিপ্রবণতার কারণে দুর্যোগের ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যেতে পারে। ফলে দুর্যোগ সংঘটিত হওয়ার পর শুধু ত্রাণ ও পুনর্বাসনের ওপর নির্ভর না করে পূর্বাভাসের ভিত্তিতে দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা জরুরি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খাঁনের সভাপতিত্বে ও ইপসার কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খাঁন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রোমানা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় সমন্বয়কারী মনিরা পারভীন রুবা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন