ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাসের ধাক্কায় নাজমা বেগম (৩৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার মুহুরীগঞ্জ এলাকার এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমা বেগম ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চরলালা হাজী জাগির আহমেদ সওদাগর বাড়ির বাসিন্দা এবং জসীম উদ্দিনের স্ত্রী।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বাপের বাড়ি ছাগলনাইয়া পৌর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দুপুর সাড়ে বারোটাযর দিকে ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ যাত্রী ছাউনির পাশ দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে মুহুরীগঞ্জ বাজারে যাওয়ার সময় ফেনী থেকে চট্টগ্রামগামী উত্তরা পরিবহনের একটি মিনিবাস (রেজিস্ট্রেশন নম্বর. চট্ট মেট্রো-জ-১১-২০১৫) দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় নাজমা বেগম মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ফাজিলপুর হাইওয়ে থানার এসআই নোমান নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের স্বজনদের আবেদনের পর মানবিক দিক বিবেচনায় এবং মৃত্যুর কারণ স্পষ্ট হওয়ায় প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নিহতের দেবর মো. গিয়াস উদ্দিন মিলন বাদী হয়ে উত্তরা পরিবহনের ওই মিনিবাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

