চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তেরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলায় বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক জানান, বাসা থেকে ইফতার শেষে নিজের ডেইরি ফার্মে যাওয়ার সময় পথে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা গলা কেটে নাছিরকে হত্যা করে।
সীতাকুন্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বলা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীলের জন্য দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

