মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা ১৩ জনকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা ১৩ জনকে উদ্ধার

কক্সবাজার জেলার সীমান্ত জনপদ টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। গত মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আ. ম. ফারুক বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, র‌্যাব-১৫-এর একটি দল টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার মরিয়ম বেগমের বাড়িতে কিছু নারী ও পুরুষকে জোরপূর্বক আটকে রাখার সংবাদ পায়। আটকে রাখা লোকজনকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার পর র‌্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন বাংলাদেশি পুরুষ, চারজন রোহিঙ্গা পুরুষ ও তিনজন রোহিঙ্গা নারী রয়েছেন।

র‌্যাব-১৫ বলছে, এই ঘটনায় জড়িত সাইফুল (৩৮), মালবিক কামাল (৪৬), ফাইসাল (২৭), জাফর (৩৬) ও সাইফুল ইসলাম (২৪) টেকনাফ থানা এলাকার বাসিন্দা। তারা ছাড়াও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে মামলা করা হচ্ছে।

র‌্যাব কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, উদ্ধারকৃত ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন