কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ বিন জহির নিহত হয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ । তিনি কুমিল্লা মহানগর শাখার ২৬ নং ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন।
বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিকেল সেন্টার টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ রোডে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সামনে মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আব্দুল্লাহ বিন জহির ।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিকেল সেন্টারে (টাওয়ার হসপিটাল) ইন্তেকাল করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান শোকবার্তায় বলেন, আব্দুল্লাহ বিন জহির ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও আদর্শবান কর্মী। সাংগঠনিক দায়িত্ব পালনে তার আন্তরিকতা, পরিশ্রম ও ত্যাগ সহকর্মীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোকে তার কর্মময় জীবন সংগঠনের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
তারা আরও বলেন, তার আকস্মিক ইন্তেকালে ছাত্রশিবির একজন নিবেদিতপ্রাণ জনশক্তিকে হারিয়েছে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য দোয়া করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

