ফেনীতে বাসচাপায় দুই ভাই নিহত

ফেনীতে বাসচাপায় দুই ভাই নিহত

ফেনীতে দ্রুতগতির একটি বাসের চাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন জেলার সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজী বাড়ির শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মোশারফ হোসেন 'আলভী এন্টারপ্রাইজ' নামে একটি পরিবহনে চাকরি করতেন। ওই কোম্পানির একটি পিকআপ পাঁচগাছিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে যায়। মালিকপক্ষ ঘটনাস্থলে গিয়ে মোশারফকে গাড়িটি উদ্ধার করতে বলেন। রাত ৩টার দিকে মোশারফ তার ছোট ভাই একরামকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপটি তুলে রাস্তার পাশে দাঁড় করিয়ে পেছনে চাকার কাজ করছিল।

এ সময় হঠাৎ পেছন দিক থেকে নোয়াখালীগামী একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় একরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম নেয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন