কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার সুরাজপুর ইয়াংছা সড়কের সুরাজপুর ব্রিজ এলাকায় চালবোঝাই পিকআপের ধাক্কায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন যুবদলের নেতা।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ কাইছার (৩০) ও শহিদুল ইসলাম (৩০)। এ সময় আহত হন সিএনজির আরো দুই যাত্রী।
নিহত কাইছার উপজেলার পূর্ব বড় ভেওলা ৪নং ওয়ার্ড ফৌজুমিয়াজির চর এলাকার মরহুম কফিল উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী।
এছাড়াও নিহত অন্যজন শহিদুল ইসলাম লক্ষ্যারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সুরাজপুর ৯নং ওয়ার্ডের আর্মি সরোয়ারের রাস্তায় মাথায় ইয়াংছায় পিকআপ ও চিরিংগামুখী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতদের লাশ।
পিকআপ চালককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আনা হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

