চট্টগ্রামের পটিয়ায় ‘এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ চট্টগ্রামের ১২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি. ফাউন্ডেশন।
শনিবার পটিয়ার মিনা কনভেনশন হলে গাজী কে.ডি. ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের জন্য গাজী কে.ডি. ফাউন্ডেশনের উদ্যোগ বরাবরই প্রশংসনীয়। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ত্যাগী ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রামের সবচেয়ে বেশি ত্যাগী ও নির্যাতিত হয়েও গাজী সিরাজ এখনো মূল্যায়িত না হওয়ায় আফসোস হয়।
ইদ্রিস মিয়া বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন করছি, গাজী সিরাজকে যথাযথ মূল্যায়ন করা হোক।’
সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, বিএনপি সরকার সবসময়ই শিক্ষা-বান্ধব। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তুষ্টি তৈরি করছে।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতির বিকল্প নেই। আর শিক্ষিত জাতি তৈরি করার মতো পরিবেশ তৈরি করা আমাদের সবার নীতিগত দায়িত্ব। সেই জায়গা থেকেই গাজী কে.ডি. ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে বক্তব্য দেন এসিআই প্রোপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন। তিনি বলেন, ‘নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং দায়িত্ব নেওয়া এবং অন্যদের জন্য পথপ্রদর্শক হওয়া। পরীক্ষায় সাফল্যের পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করাও শিক্ষার্থীদের দায়িত্ব।’
তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট আলী নেওয়াজ চৌধুরী, ডা. সুমন পালিত, জাহাঙ্গীর কবির, জিল্লুর রহমানসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ চট্টগ্রামের ১২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

