সরকারি উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের কঠোর নজরদারি করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কোনো এলাকায় উন্নয়নকাজ পরিচালিত হলে নিজেদের স্বার্থেই কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকি করা স্থানীয়দের দায়িত্ব।
বুধবার ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)’-এর আওতায় সিলেট নগরের কানশাইলে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকারি উন্নয়নকাজে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এসব অনিয়ম ঠেকাতে স্থানীয় পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে তদারকি করা যেতে পারে। সেই কমিটিতে স্থানীয় মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকৌশলী ও এলাকার বিশিষ্ট সচেতন নাগরিকদের রাখা যেতে পারে।
উপস্থিত স্থানীয়দের উদ্দেশে তিনি আরো বলেন, আপনারা সময় সময় এসে দেখবেন কেমন কাজ হচ্ছে। নিজের হক আদায় করার প্রতি যদি নিজে যত্নবান না হন, তবে অন্য কেউ এসে আপনার হক আদায় করে দেবে না। এই কথাটি সর্বদা মনে রাখবেন।
সুরমা ও চেঙ্গেরখালের নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা তাদের নির্বাচনি ইশতেহারের প্রধান অঙ্গীকার ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরই পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আমরা ভাঙনকবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছি। পরিদর্শনের পর জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের পাশাপাশি স্থায়ী প্রকল্প গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
সিলেট নগরীর দীর্ঘদিনের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্পের কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই মেগা প্রকল্পের অন্যতম প্রধান অংশ হচ্ছে সুরমা নদীর দুই তীরে ১৭ কিলোমিটার দীর্ঘ বাঁধ ও একই সাথে প্রতিরক্ষামূলক সড়ক নির্মাণ করা।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

