খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় বিএনপি ও অঙ্গসং গঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
আহত হলেন—মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে প্রবীন্দ্র ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।
আহতরা জানান, ঘটনার সময় এলাকায় অন্ধকার থাকায় হামলাকারীদের কাউকে তারা স্পষ্টভাবে শনাক্ত করতে পারেননি। তবে জেলা বিএনপির পক্ষ থেকে হামলাকারীদের পরিচয় উদ্ঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
মাটিরাঙা থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

