বান্দরবানে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস ও ভূমিধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে এবং নদীর তীরে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে সচেতনতামূলক মাংকিং করছে যুব রেড ক্রিসেন্ট।
জেলা ইউনিটের ইউনিট অফিসার মোহাম্মদ আসাদুল হায়দার চৌধুরীর সার্বিক নির্দেশনায় যুব রেড ক্রিসেন্টের একদল দক্ষ স্বেচ্ছাসেবক মাংকিং করে।
প্রচারণাকালে স্বেচ্ছাসেবকরা পৌর এলাকার গোদার পাড়, বরিশাল পাড়া, উজানি পাড়াসহ জেলার বিভিন্ন অতি-ঝুঁকিপূর্ণ ও পাহাড়ের পাদদেশে অবস্থিত এলাকাগুলো পরিদর্শন করেন। তারা স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলেন এবং ভূমিধসের সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।
এ সময় স্বেচ্ছাসেবকরা স্থানীয় বাসিন্দাদের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার এবং প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ নিরাপদ সরকারি আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
একই সাথে তারা দুর্যোগকালীন সময়ে আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, কোনো ধরনের গুজবে কান না দেওয়া এবং স্থানীয় প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ করেন।
যুব রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় ও ঝুঁকিতে থাকা মানুষের পাশে থেকে তাদের এই সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

