সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জেলার ১ হাজার বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে বান্দরবান শহরের জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
অনুষ্ঠানে থানজামা লুসাই বলেন, ভয়াবহ বন্যায় জেলার হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি ইউসিবির মতো বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান চৌধুরী এবং বান্দরবান শাখার প্রধান মুহা. হানিফ চৌধুরী।
ইউসিবির কর্মকর্তারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে বন্যাদুর্গত মানুষজন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট গ্রহণ করেন। সহায়তা পেয়ে তারা ইউসিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

