ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলায় ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার নামের ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির ছোট মেয়ে। সে শহরের একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক মাঝি তার পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি তার স্ত্রী-সন্তানেরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। সকালে পরিবারের সবার অলক্ষে শিশু আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়।

পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সওগাদ জানান, ‘শিশুটিকে সকাল সাড়ে ৯টায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’

পরিবার সূত্রে জানা গেছে, নিহত আয়েশা তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল। আদরের ছোট সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন মাতম চলছে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার বাতাস।

এদিকে গ্রামীণ জনপদে অসচেতনতার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সাঁতার না জানা শিশুদের প্রতি বর্ষা ও ঈদের মৌসুমে আরও বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...