চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই সহযোগীসহ কিশোর গ্যাং লিডার মো. মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে পাকা সড়কে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন ও এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালানো হয় এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
ঘটনার পর বাকলিয়া থানার একটি বিশেষ টিম চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. মুরাদ (৪৩) এবং তার দুই সহযোগী সুমন (৩৫) ও রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মো. মুরাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় দায়ের করা ১৬টি মামলা রয়েছে। তার পিসিপিআর (পুলিশের অপরাধসংক্রান্ত পূর্ববর্তী রেকর্ড) যাচাই করে এসব মামলার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, বাকলিয়ায় সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধে জড়িত অন্যান্যদের শনাক্তেও পুলিশের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

