চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জাফতনগরে চার গ্যালন দেশীয় মদসহ মো. ইয়াসিন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে। পরে তাকে মাদকসহ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
পুলিশ ফাঁড়িতে অবস্থানকালে ইয়াসিন প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশ কাস্টডি থেকে বাইরে বের হয়। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারি ইয়াসিন পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পরে তাকে পুনরায় আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এ বিষয়ে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে সে পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

