ফেল করার পরও পদোন্নতি, অভিযানে মিলেছে জালিয়াতির প্রমাণ

ফেল করার পরও পদোন্নতি, অভিযানে মিলেছে জালিয়াতির প্রমাণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক উপসহকারী প্রকৌশলীকে পরীক্ষায় ফেল করার পরও পদোন্নতি দেওয়ার অভিযোগে কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতাও মিলেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সাইদ মো. এমরান।

দুদক সূত্র জানায়, চসিকের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য অনুমোদিত সংখ্যা ছিল ছয়টি। বর্তমানে সেখানে তিনটি পদ শূন্য রয়েছে। গত ২১ এপ্রিলের এক আদেশে চারজনকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে চসিকের বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী রুপক চন্দ্র দাশ সম্প্রতি পদোন্নতি সংক্রান্ত মৌখিক পরীক্ষায় ফেল করে।

কিন্তু পরীক্ষার ফলাফল গোপন করে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয় তাকে। কিন্তু ওই দিনই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে তার পদোন্নতির আদেশ বাতিল করে দেন সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক সাইদ মো. এমরান জানান, পদোন্নতির বিষয়ে যে অভিযোগ ছিল, তার অফিসিয়াল নথিপত্র ও ফাইল যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে কমিশন বরাবরে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন