শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা ও নিপীড়ন বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং আইনের ফাঁকফোকর ব্যবহার করে কোনো অপরাধী যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিভাগীয় সম্পাদিকা ঝর্ণা আক্তার, লক্ষ্মীপুর শহর সভানেত্রী নাসরিন আক্তার, একজন কন্যা সন্তানের মা আসমা উল হুসনা, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা সভানেত্রী হাসফা বিনতে নুর এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী তামান্না আক্তারসহ অনেকে।
বক্তারা আরও বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন, “আমরা কোনো সুবিধা বা আশ্বাস চাই না, আমরা চাই আমাদের নিরাপত্তা ও ন্যায়বিচার। রামিসার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন থেকে সরকারের প্রতি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

