চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই। এসময় এগিয়ে এলে মা জুলেখা বেগমকেও কুপিয়ে আহত করা হয়।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার ভুজপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার ভূজপুর থানা এলাকার পশ্চিম ভূজপুর গ্রামের ফকিরা বন নামক এলাকার ভোলা গাজী বাড়ির জনৈক আলী আহমদের ছেলে ইয়াছিন ও নিহত ছোট ভাই মাসুমের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বেলা ১২টায় গাছের ঝরে পড়া পাতা কুঁড়ানো নিয়ে দুই ভাই বাকবিতণ্ডা জড়ায়। বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই ইয়াছিন ধারালো দা দিয়ে ছোট ভাই মাসুমকে কোপাতে থাকে।
এসময় তাদের মা জুলেখা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় বড় ভাই ইয়াসিন। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১টা নাগাদ মাসুম নামে আহত ছোট ভাইয়ের মৃত্যু হয়।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, এ ঘটনায় মাসুম নামে এক ব্যক্তির মেডিকেলে মৃত্যুর খবর পেয়েছি। তাদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ বা মামলা করতে কেউ আসেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

