কুমিল্লার বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা (৩০)। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর পথচারীসহ সাধারণ মানুষের ওপর আকস্মিক হামলা চালায়। এতে শিশু ও বয়স্কসহ অন্তত ২৫ জন আহত হন। হঠাৎ করে কুকুরের কামড়ের শিকার হয়ে এত বেশি সংখ্যক রোগী হাসপাতালে আসায় চিকিৎসকদেরও হিমশিম খেতে হয়। একই সময়ে একের পর এক এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন অভিভাবকরা।
এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার বলেন, ‘মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২২ থেকে ২৫ জন কুকুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়ে হাসপাতালে এসেছেন। এগুলো পাগলা কুকুরের কামড় হয়ে থাকলে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই সময়ে এত মানুষ কীভাবে কুকুরের আক্রমণের শিকার হলেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
তিনি আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

