বহিঃনোঙ্গরে যৌথ অভিযান

৫০ ফিশিং বোটে তল্লাশি, ২৪ জেলে আটক

৫০ ফিশিং বোটে তল্লাশি, ২৪ জেলে আটক
ছবি: আমার দেশ

বঙ্গোপসাগরের চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথ তল্লাশি অভিযান চালিয়েছে। বাংলাদেশি নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ওই সময় ৫০টির বেশি ফিশিং বোটে তল্লাশি ও ২৪ জনকে আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

তার মতে, এই অভিযানে কোস্ট গার্ডের টহল জাহাজ ‘বিসিজিএস সোনাদিয়া’, উচ্চগতির একাধিক বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-০৭ অংশগ্রহণ করে। ওই সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড জানিয়েছে, অভিযানকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরি প্রতিরোধে বহিঃনোঙ্গরে অবস্থানরত ফিশিং বোট ও অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়। এসব অবৈধ জালের কারণে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল।

কোস্ট গার্ডের দাবি, ওই সময় বহিঃনোঙ্গরে অবৈধভাবে অবস্থানরত ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি করে ২৪ জন জেলেকে আটক করা হয় এবং আটক ব্যক্তিদের বন্দর ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৩০ দিন করে কারাদন্ডের আদেশ দেন।

সাব্বির আলম সুজন বলেন, চট্টগ্রাম বন্দর ও এর বহিঃনোঙ্গরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত, সামুদ্রিক বাণিজ্য ও নৌপথ সচল রাখা এবং ছিঁচকে চুরি ও অবৈধ জাল স্থাপনসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সংস্থা গুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন