চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এক সাব-ইন্সপেক্টরের বাসা থেকে একটি ৯ এমএম পিস্তল (বাট নং-০৫৮৮৫৬), ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয় ১২ দিন আগে। ঘটনার ১২ দিন পর গতকাল ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে চুরি হওয়া ওই অস্ত্র-গুলিসহ চোরদের আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে ২০২৫) বিকালে ডিএমপি’র ডিবি, চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় শাহ আলী থানা এলাকা থেকে অস্ত্র উদ্ধার ও চোরদের আটক করা হয়।
আটককৃতরা হলো বরগুনা জেলার বেতাগী উপজেলার ৭নং সরিষামুড়ি ইউনিয়নের উত্তর ভোড়া গ্রামের আজিজ খানের ছেলে রুবেল খান (৩৬) ও ঝালকাঠি জেলার স্বরূপকাঠির বর্তমান নেছারাবাদ উপজেলার ৫নং সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের জালাল উদ্দিনের ছেলে সুমন (৩৫)। উভয়ের বর্তমান ঠিকানা ঢাকার মিরপুর-১।
সিসি ক্যামেরায় চিহ্নিত সুমন অস্ত্র চুরি করে। পরে ঢাকায় নিয়ে রুবেল খানের কাছে অস্ত্রটি বিক্রি করে সে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।
প্রসঙ্গত, ৪ মে ফরিদগঞ্জ থানার এসআই মোন রাকিব উদ্দিন ভূঞার ভাড়া বাসা থেকে একটি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এসআই রকিব উদ্দিন সাময়িক বরখান্ত হন। পুলিশ ওই দিনের সিসি ক্যামেরা চেকের পর সন্দেহভাজন দুইজনকে চিহ্নিত করে। এদের ধরিয়ে দিতে ওসি এক লাখ টাকা পুরস্কার ঘোষণাও করেন। অবশেষে চুরির ১২ দিন পর অস্ত্রটি উদ্ধার হলো।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, অস্ত্র চুরির পর থেকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অস্ত্র উদ্ধার ও চোরদের আটকের চেষ্টা করতে থাকে। শুক্রবার বিকালে ডিএমপি’র ডিবি, চাঁদপুর জেলা পুলিশের ডিবি এবং ফরিদগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে দুইজন আটক হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

