আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মামুনুর রশিদ (৩৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পালেগ্রাম তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

মৃত্যুর পাঁচ দিন পর শনিবার রাতে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে তার লাশ। রাত ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার স্বজনরা লাশ গ্রহণ করেন।

পারিবারিক সূত্র জানান, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে আবুধাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদের মৃত্যু হয়।

কালীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদ বলেন, ‘প্রায় ২০ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। আবুধাবিতে তিনি কন্ট্রাক্টের ভিত্তিতে ভবনের ডেকোরেশন, টাইলস ও ডিজাইনের কাজ করতেন। নিজস্ব লাইসেন্স নিয়ে শ্রমিক দিয়ে এসব কাজ পরিচালনা করতেন।’

তিনি আরো বলেন, ‘ঘটনার দিন রাতে কাজ শেষে বাসায় ফেরার পর এসিতে সমস্যা দেখা দিলে সেটি মেরামতের জন্য ছাদে যান মামুনুর। মেরামতের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।’

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে রাত ৯টার দিকে স্বজনরা লাশ গ্রহণ করেন। রাত সাড়ে ১১টার দিকে পালেগ্রাম মাগন আলী জামে মসজিদ মাঠে মামুনুর রশীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন