তিন বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান নিয়ে বাবার মানবেতর জীবন

সেলিম উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম)

তিন বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান নিয়ে বাবার মানবেতর জীবন
তিন প্রতিবন্ধী সন্তান সিফা আক্তার, রাজিবুল ইসলাম ও সজীব

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শাহ আলম নামের এক মানসিক প্রতিবন্ধী বাবা। দারিদ্র্য ও শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে প্রতিদিন সন্তানদের নিয়ে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি।

শাহ আলম লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ের সাতগড় এলাকার বাসিন্দা। তার চার সন্তানের মধ্যে তিন সন্তানই বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী।

বিজ্ঞাপন

তারা হলো শারীরিক প্রতিবন্ধী সিফা আক্তার (১৬) ও রাজিবুল ইসলাম (১৫) ও বুদ্ধি প্রতিবন্ধী সজীব (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজে মানসিক প্রতিবন্ধী হলেও দিনমজুরের কাজ করে সংসার চালাতেন শাহ আলম। কিন্তু বয়স ও অসুস্থতার কারণে বর্তমানে তিনি আর কাজ করতে পারেন না। ফলে পরিবারের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে।

অভাব-অনটনের মাঝেও সন্তানদের দেখভাল করার চেষ্টা চালিয়ে যান স্বামী ও স্ত্রী। সামান্য আয়ে সংসারের খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে তিন প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা ও ভরণপোষণের ব্যয় মেটানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই তাদের অভুক্ত থাকতে হয়।

স্থানীয় আব্দুল মালেক বলেন, কয়েক মাস আগে মা মারা গেলে শাহ আলমের তিন প্রতিবন্ধী শিশুসহ চার ছেলে-মেয়ের জীবনে নেমে আসে করুণ পরিণতি। কেউ তাদের আশ্রয় দিতে অপারগতা জানান। ফলে বড় মেয়ে সিফা আক্তারের জায়গা হয়েছে মামার বাড়িতে। বাকি তিন সন্তানের ঠাঁই হয়েছে খালার বাসায়। সেখানেও কতদিন ঠাঁই হবে জানে না তারা।

প্রতিবন্ধী রাজিবুল ইসলাম জানান, ‘মা মারা যাওয়ার পর আমরা চার ভাই-বোনের মধ্যে কেউ খালার বাসায় কেউ নানার বাড়িতে থাকি। আমরা সরকারি কোনো সাহায্য পাই না।

প্রতিবন্ধীদের খালু বোরহান উদ্দীন বলেন, তাদের মা মারা যাওয়ার পর তিন শিশুকে আমরা লালনপালন করি। তারা কোনো সরকারি ভাতা পায় না। তিন প্রতিবন্ধী নিয়ে পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছে।

উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম বলেন, এক সংবাদকর্মীর মাধ্যমে এক পরিবারে তিন ভাই-বোন প্রতিবন্ধীর কথা শুনেছি। তাদের ভাতার আওতায় আনার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ‘একই পরিবারের তিনজন প্রতিবন্ধী বিষয় জেনেছি এবং তারা উপজেলা প্রশাসন থেকে যেসব সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য তাদের সেগুলো দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন