কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রফিক (২৯) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ডি/১৪ ব্লকের বাসিন্দা মজির আহম্মদের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত মোহাম্মদ রফিককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, রোহিঙ্গা ক্যাম্পকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পলাতক আসামিদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

