নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৯) নামে এক বাস হেলপারের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজদী টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস-সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের কামলাবাড়ির মো.সাখায়েত উল্লার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশে আসছিল। বাসটি সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস-সংলগ্ন এলাকায় পৌঁছালে হেলপার রাজু হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান।
এ সময় বাসের সঙ্গেই ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বুধবার দিবাগত রাত সোয়া ১টার সময় বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে জানা যায়, ওই হেলপার অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

