আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আতাউল কবির। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

ওই পুলিশ সদস্য পিরোজপুর জেলার নেছারাবাদ রাজবাড়ীর উড়িবুনিয়া এলাকার আব্দুল খালেক তালুকদারের ছেলে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের বাস টার্মিনাল সংলগ্ন দি গ্র্যান্ড ঢাকা হোটেলের চতুর্থতলার ৪০১ নাম্বার কক্ষ থেকে ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ নাম্বারের মাধ্যমে কল পেয়ে হোটেল কক্ষ থেকে ওই পুলিশ সদস্যের ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হোটেল কর্তৃপক্ষের ভাষ্যমতে ওই পুলিশ সদস্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে ওই হোটেলে উঠেন। পরে তিনি আর রাতে হোটেল কক্ষ থেকে বের হননি।

শুক্রবার বেলা ১২টার পর থেকে হোটেল কর্তৃপক্ষ বারবার দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে তারা ৯৯৯ নাম্বারের মাধ্যমে কক্সবাজার সদর থানাকে অবহিত করে। খবর পেয়ে এসআই মো. বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে মোহাম্মদ আতাউল কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ওসি মোহাম্মদ আলী জানান, ওই পুলিশ সদস্যের ব্যাগ তল্লাশি করে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ব্যক্তিগত স্বাস্থ্য কার্ড পাওয়া যায়। তিনি পুলিশের একজন কনস্টেবল। তার বিপি নাম্বার ৮২০২০৪৯০৩৪।

এদিকে ওই পুলিশ সদস্যের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন