চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

বাঁশখালীতে ঘটেছে ব্যতিক্রমধর্মী এক ঘটনা। অসুস্থ একটি কাক নিজেই চিকিৎসার জন্য হাজির হয়েছে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালের প্রবেশমুখে কাকটিকে পায়চারি করতে দেখা যায়। একপর্যায়ে কা কা ডাকতে ডাকতে এটি চিকিৎসকদের দিকে এগিয়ে এলে তারা কাকটিকে ধরে পরীক্ষা করেন।

বিজ্ঞাপন

পরীক্ষায় দেখা যায়, কাকটি Avian pox-এ আক্রান্ত। এর শরীরজুড়ে অসংখ্য ক্ষত ও চামড়ায় পিণ্ড (বিষফোড়া) ছিল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সপন নন্দ্বী ও অন্যান্য চিকিৎসক দ্রুত কাকটির চিকিৎসা শুরু করেন। এ বিষয়ে চিকিৎসক ডা. জুলকারনাইন শাওন জানান, হাসপাতালে প্রবেশের সময় দরজার সামনে কাকটিকে পায়চারি করতে দেখা যায় এবং সেটি ডাকতে ডাকতে কাছে আসে। পরে হাতে নিয়ে পরীক্ষা করে রোগ শনাক্ত করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, সকালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কাকটিকে ছেড়ে দেওয়া হলে সেটি হাসপাতালের আশপাশেই অবস্থান করে। পরে বিকেলে আবার তাকে ওষুধ দেওয়া হয় এবং সন্ধ্যার দিকে খাবার হিসেবে একটি ডিম দেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কাকটি যেহেতু আশপাশেই রয়েছে, তাই নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...