চট্টগ্রামে মাটি খননের সময় ধস, দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে মাটি খননের সময় ধস, দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের কাজ করতে গিয়ে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হালিশহর থানাধীন আগ্রাবাদের বি-ফোর অ্যাকসেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাটিচাপা পড়া চারজনকে উদ্ধার করে ভোর পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত শ্রমিকরা হলেন রাকিব ও তুষার। তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। আহত শ্রমিক সাগর ও এরশাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগ্রাবাদ অ্যাকসেস রোডে সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি খননের সময় চারজন শ্রমিক মাটিচাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট খননের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। প্রকল্পটির কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো। তাদের কাছে এ বিষয়ে দুর্ঘটনার প্রতিবেদন চাওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন