চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ২৮ বছর বয়সী এক নারী মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুই দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়।
রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ মৃত্যুর তথ্য উঠে এসেছে। এ নিয়ে চলতি বছর চমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে ৪২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জন ভর্তি হয়েছেন। এ সময়ে চমেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬৫ জন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৩ হাজার ৪৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭১৩ জন চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন মারা গেছেন।
সরকারি হাসপাতালগুলোর মধ্যে চমেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭৪৯ জন। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালে ৫৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং মারা গেছেন একজন। বিআইটিআইডিতে ৫৫৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪৭০ জন এবং চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিআইটিআইডি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএমএইচের প্রতিবেদনে কোনো মৃত্যুর তথ্য নেই।
এদিকে বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২০৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালেই ভর্তি রয়েছেন ৯৫ জন। এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৫৯ জন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

