অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি পিছিয়েছে। এ মামলার বাদী আলিফের বাবাকে ২৫ আগস্ট আদালতে উপস্থিত হতে বলে সমন জারি করেছেন আদালত। ওইদিন চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এসএম আলাউদ্দীন এই আদেশ দেন।
বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি জানান, রোববার শুনানিকালে মামলার বাদী আলিফের পিতা অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীকে উপস্থিতির জন্য সমন ইস্যু করেন এবং ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এরমধ্যে এজাহারভুক্ত ৩ জন ও তদন্তে প্রাপ্ত ১ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ গ্রেপ্তার রয়েছেন ২০ জন আর পলাতক রয়েছেন ১৮ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

