সীতাকুণ্ডে জুলাই আন্দোলনের সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবলীগ ক্যাডার জসিম অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়বকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, জুলাই অভ্যুত্থানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ জুলাই কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে। সেদিন আন্দোলনরত শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে যুবলীগ নেতা জসিম প্রায় ৪/৫ শতাধিক সন্ত্রাসী নিয়ে হামলা করে। ট্রাক ভর্তি করে লাঠি ও পাথর নিয়ে গিয়েছিল যুবলীগ নেতা জসিম ও তার ভাই বাঁশবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়াসিন। তাছাড়াও যুবলীগ নেতা জসিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের বাড়বকুণ্ড সমুদ্র উপকূলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনার অন্যতম আসামি।
বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মেম্বার আমার দেশকে বলেন, আইআইইউসির শিক্ষার্থীদের ওপর হামলা করতে যুবলীগ নেতা জসিম ও তার ভাই এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়াসিনের নেতৃত্বে যুবলীগের সন্ত্রাসীরা কোট্টা বাজার থেকে ট্রাক ভর্তি করে লাঠিসোঁটা ও ইকপাটকেল নিয়ে যায়। বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জিকু ও সাধারণ সম্পাদক মামুন এবং মেম্বার রাশেদ, ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার নাজমুল, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুল ও জিয়া উদ্দিন জনিসহ যুবলীগের নেতা লিটন এরা কিভাবে এখনও এলাকায় ব্যবসা-বাণিজ্য করে। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শওকত আলী জাহাঙ্গীরের সাথে এসব আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এসব আওয়ামী লীগ নেতারা এলাকায় বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের পর্যন্ত মামলা হামলাসহ নানানভাবে নির্যাতন করেছে। অথচ বিএনপির গুটি কয়েক সিনিয়র নেতা তাদের নিজেদের স্বার্থে এসব আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্যসহ নানানভাবে সহযোগিতা করে আসছে।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি'র সহ- সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা এখনও অনলাইনে খুনি হাসিনার পক্ষে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতে সক্রিয়ভাবে কাজ করছে। এসব আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা যে কোন সময় এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ড ইউনিয়নের সমুদ্র উপকূলে উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনায় যুবলীগ নেতা জসিম এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বাড়বকুণ্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

