চট্টগ্রাম নগরের সল্টগোলায় একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনের ওয়াগনগুলো খালি থাকায় তেল ছড়িয়ে পড়ার বা কেউ আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার রাতে সল্টগোলার এমবিপি গেইট এলাকায় এ ঘটনায় ঘটে।
প্রায় ১১ঘন্টা পর শুক্রবার দুপুরে রেলওয়ের উদ্ধার টিম ওয়াগনগুলো লাইনে ফেরাতে সক্ষম হয়। ততক্ষণে তেল আনা-নেওয়ায় সাময়িক জট সৃষ্টি হয়।
নিউমুরিং স্টেশন মাস্টার মোহাম্মদ আলাউদ্দিন আমার দেশকে জানান, জ্বালানি তেল বহনে ব্যবহৃত ট্যাংক ওয়াগনগুলোতে তেল ছিল না। নগরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে নগরের নিউমুরিং এলাকার তেল কারখানাগুলোতে যাচ্ছিল ট্রেনটি। কিন্তু পথেই সল্টগোলার এমবিপি গেট এলাকায় চারটি ওয়াগন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ১১ঘন্টা পর অর্থাৎ শুক্রবার দুপুর ১২টায় ওয়াগান উদ্ধার শেষ হয়। এর ৩০ মিনিট পর অন্যান্য তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়।
স্টেশনমাস্টার মোহাম্মদ আলাউদ্দিন সকাল, সিজিপিওয়াই থেকে আমরা রাতে ট্যাংক ওয়াগনগুলো তেল আনার জন্য ছাড়ি। একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় কাজে ব্যাঘাত ঘটে। রেল লাইনের উপর ড্রেন সংস্কারের ময়লা-আবর্জনা, মাটি থাকায় এবং পাশ্ববর্তী ওয়াসার একটি পাইপ থেকে নিয়মিত পানি বের হয়ে লাইনের পুরোনো কাঠগুলো পঁচে যায়। এতেই দুর্ঘটনাটি ঘটে। এর আগে ১৯ জুন চট্টগ্রাম নগরে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

