চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যান ঘাটায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসমিল্লাহ ম্যানশন ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন এবং অভিযুক্তকে পুলিশের কাছ থেকে বের করে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ।
অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যদের পিছু হটে অবস্থান নিতে হয়। এসময় জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
ঘটনার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হতে থাকে। ভবনের সামনে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি মো. সোলাইমান বলেন, “ঘটনা জানার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। তবে স্থানীয় কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নিতে চাইছে। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, শিশুটির পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিকে থানায় নেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের উত্তেজনা প্রশমনে মাইকিং করে বারবার আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
শিশুটির পরিবার দ্রুত বিচার দাবি করেছে। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

