চাকা দেখার সময় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

চাকা দেখার সময় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছবি: সংগৃহীত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাকা পরীক্ষা করার সময় আরেকটি কাভার্ড ভ্যানের চাপায় এক হেলপার নিহত হয়েছেন। রোববার চৌদ্দগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোলেমান মিয়া (১৯) নেত্রকোনার বারহাট্টা উপজেলার কান্দাপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। এ ঘটনায় জয়নাল আবেদীন নামে আরেক কাভার্ড ভ্যানের চালক আহত হয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, ভোররাত ৩টার দিকে ঢাকা মেট্রো-ট-১৩-৩৯৮৭ নম্বরের একটি কাভার্ড ভ্যান চৌদ্দগ্রাম বাজারের রহমানিয়া হোটেলে খাবারের জন্য থামে। খাওয়া শেষে যাত্রা শুরুর আগে চালক হেলপার সোলেমান মিয়াকে পেছনের চাকা পরীক্ষা করতে বলেন।

সোলেমান গাড়ির পেছনে চাকা দেখার সময় ঢাকা মেট্রো-ট-২০-৪৪১২ নম্বরের একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সোলেমান মিয়া ও ওই কাভার্ড ভ্যানের চালক জয়নাল আবেদীন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলেমান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত জয়নাল আবেদীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

এসআই তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি কাভার্ড ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন