বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের চাঁদপুর শহরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের সিংহ পাড়া এলাকায় অবস্থিত তার বাসভবনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা আজম খান এ সময় বাড়িতে ছিলেন না। খবর পেয়ে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে বিএনপি নেতা আজম খানের কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, আমি নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে কোথাও ঘোষণা দেইনি। বিএনপি ঘোষিত ৩১ দফা আদায়ের লক্ষ্যে লিফলেট জনগণের কাছে বিলি করছি। দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব।
তিনি বলেন, দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। আজকে দুপুরে আমাদের দলের কিছু লোক এসে আমার বাসার সামনে থাকা গাড়ি ও আমার বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে। পুলিশ আসায় তারা চলে যায়। বিকেলে তারা আবার বাসার সামনে এসে হামলার চেষ্টা করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লাহ সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজম খান আমাদের দলের নেতা জানি, কিন্তু তার বাসা কোথায় বা তাকে আমি আজও চিনি না।
আজম খানের বড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, সে নাকি(আজম খান)আদম ব্যবসা করে। অনেক লোক তার কাছে পাওনার টাকা চাইতে গিয়ে নাকি হট্টগোল হয়েছে এমনটি আমি শুনেছি।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, একটা ঘটনা ঘটেছে তবে কারা হামলা করেছে তা পরিষ্কার না। কোনো পক্ষেরই কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

