লক্ষ্মীপুরের রায়পুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার জোরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উল্ল্যা উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কেরোয়া গ্রামের ছুকুল আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাওয়ার সময় জোরপোল এলাকায় একটি ভ্যানের সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রায়পুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

