মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবার পেল চাল

হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবার পেল চাল

নোয়াখালীর হাতিয়ায় মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন ১৫ হাজার জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দুস্থ ও অসহায় জেলে পরিবারগুলোর সুবিধার্থে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই চাল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত ১৫ হাজার জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে আলাদা আলাদা সময়ে এই চাল বিতরণের সময় নির্ধারণ করা হয়েছে।

রোববার চরঈশ্বর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মো. হাসান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণে ২২ দিন নদীতে ও সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই সময় জেলেদের কর্মহীন ও বেকার থাকতে হয়। তাই অসহায় জেলেদের সহায়তার জন্য সরকার এই চাল বিতরণের ব্যবস্থা করেছে।

তিনি আরও জানান, হাতিয়া উপজেলার জন্য সর্বমোট ৩৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা জনসংখ্যা অনুপাতে বিভিন্ন ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে চাল বিতরণের সময় তা তদারকি করছেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আগামী কয়েক দিনের মধ্যেই সবকটি ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন